Logo

ক্যাম্পাস

গাজায় ইসরায়েলি হামলা, জবিতে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাদের প্রতিবাদ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৪:৫৮

অ
গাজায় ইসরায়েলি হামলা, জবিতে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাদের প্রতিবাদ

গাজায় ইসরায়েলী নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (২০ মাচ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজায় নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। অসংখ্য মানুষ আহত হয়েছে। বাদ যায়নি সদ্য দুনিয়ার আলো দেখা ছোট্ট ছোট্ট শিশুরাও। কিন্তু বিশ্বের শান্তি প্রতিষ্ঠার সংগঠনগুলো এ ব্যাপারে নীরব। শান্তি প্রতিষ্ঠার নামে চলছে মুসলিম নিধন। মোড়ল দেশগুলো এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। মুসলিমদের ওপর যে হত্যাকাণ্ড চলছে তা দেখে মুসলিম দেশগুলোও চুপ করে আছে এটা অত্যন্ত কষ্টের বিষয়। 

তারা আরো বলেন, দীর্ঘ ৭০-৮০ বছর ধরে এই হত্যাযজ্ঞ চলছে আমরা চাই ফিলিস্তিনের মানুষ এই হত্যাযজ্ঞ থেকে মুক্তি পাক। ইসরায়েলি আগ্রাসন বন্ধের এখনই উপযুক্ত সময়। নাহলে আজ ফিলিস্তিন, কাল বিশ্বের প্রতিটা মুসলিম দেশে এই বর্বরতা প্রতিষ্ঠিত হবে।

এ সময় শাখা শিবির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, বর্তমান শিক্ষক সমাজ তাদের শিক্ষার মাধ্যমে ওমরের মতো মানুষকে গড়ে তুলুন। ফিলিস্তিনের বর্বরতা কোনো জঙ্গি কাজ বলে গণ্য হয় না। কিন্তু যখনই মুসলিমরা জিহাদের কথা বলে, সেটাকে জঙ্গি তকমা দেওয়া হয়। যদি মানববন্ধন করে ফিলিস্তিনের হত্যাযজ্ঞ বন্ধ করা যেত, তাহলে সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ রাসুল (সা.) নিজে যুদ্ধে অংশ গ্রহণ করতেন না। তাই যেখানে যেমন পরিস্থিতি তেমন পদক্ষেপ নিতে হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, বাংলাদেশে থেকে ফিলিস্তিনের জন্য আমরা বেশি কিছু করতে পারবো না। আমরা আজ এখানে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জালেমদের হাত থেকে আল্লাহ যেন ফিলিস্তিনিদের রক্ষা করেন। আমরা হত্যাকারীদের বিরুদ্ধে ঘৃণা জানাচ্ছি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতাসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেএন/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন