আ.লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৪:৪১
ছবি : বাংলাদেশের খবর
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২১ মার্চ) ফজরের সময় থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ভারত-সমর্থিত ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের ষড়যন্ত্র ফাঁস করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। তার পোস্ট অনুযায়ী কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না।
হাসনাতের পোস্টকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় সহ-সমন্বয়ক নাহিদ হাসান, তানভির মণ্ডল, ইয়াশিরুল কবীর, ইসমাইল রাহাতসহ সমন্বয়ক পরিষদের অন্য সদস্যরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে, জুমার নামাজের সময় শিক্ষার্থীরা কিছুক্ষণ বিরতি নিয়ে পুনরায় কর্মসূচি চালিয়ে যান।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নিহতদের রক্ত ও আহতদের যন্ত্রণার মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে, তাদের প্রথম কাজ হওয়া উচিত ছিল আওয়ামী ফ্যাসিস্টদের বিচার-কিন্তু সরকার তা করেনি।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করলে ছাত্র জনতা তা মেনে নেবে না। যদি এমন কিছু হয়, আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা রাস্তায় ছিলাম, আছি, থাকব-আমরা আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ চাই এবং তা করতেই হবে।’
প্রসঙ্গত, হাসনাত আব্দুল্লাহর পোস্টে দাবি করা হয়, ভারত-সমর্থিত ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের পরিকল্পনা চলছে, যেখানে শেখ হাসিনাকে অস্বীকার করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফিরিয়ে আনার কৌশল নেওয়া হয়েছে। ১১ মার্চ ক্যান্টনমেন্টে তাঁকে ও অন্যদের এই পরিকল্পনার অংশ হতে প্রস্তাব দেওয়া হলে তারা তা প্রত্যাখ্যান করেছেন। জনগণের সমর্থন চেয়ে তিনি এই পরিকল্পনা ব্যর্থ করার আহ্বান জানান এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তোলেন।
মাসুম শাহরিয়ার/এমআই

