Logo

ক্যাম্পাস

জবি শিবির সেক্রেটারি

আ.লীগকে আমরা রাজনীতি করতে দেব না

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৫:১১

অ
আ.লীগকে আমরা রাজনীতি করতে দেব না

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের শত্রু, জাতির শত্রু। আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দেব না। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তারাও আমাদের শত্রু হিসেবে গণ্য হবে।‘

শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

রিয়াজুল ইসলাম আরও বলেন, ‘হাজার হাজার মায়ের কোল খালি করে নতুন বাংলাদেশে আমরা বসবাস করছি। শত সহস্র ভাইয়ের রক্তে এখনো আওয়ামী লীগের হাত রঞ্জিত। আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দেব না। আমরা ইন্টেরিম সরকারকে বলে দিতে চাই, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তারা জাতির সাথে বেইমানি করবে। তাদের ভুলে গেলে চলবে না, তারা আবু সাইদ, মুগ্ধের মতো শত শত শহীদের রক্তের উপর বসে আছে।’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক ঘুরে এসে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের রাজনীতি, বন্ধ করো করতে হবে’; ‘ছাত্রলীগ বাংলাদেশ, একসাথে চলে না’; ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘গড়িমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো’; ‘চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’ স্লোগান দিতে থাকেন।

মিছিলে জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘জুলাই বিপ্লবে পাখির মতো গুলি করে যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে তারা কীভাবে এদেশে রাজনীতি করে। আজ আমাদের এই আন্দোলন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। যতদিন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ না করা হবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দাবি উঠে।

  • জান্নাতুন নাইম/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন