ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ‘শাটডাউন প্রতিবাদ কর্মসূচি’ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
আগামী বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
রোববার (৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত সন্ত্রাসী আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে এ কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে প্রশাসন।
এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও বিশ্বব্যাপী আহ্বান জানানো ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা বলেন, নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর যে হত্যাযজ্ঞ চলছে, তা মানবতাবিরোধী অপরাধ। বিশ্ব সম্প্রদায়ের উচিত এ বর্বরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিকে স্বাগত জানিয়েছে। অনেকেই বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরের মানুষেরই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।
মাসুম শাহরিয়ার/এমআই

