ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান কুবির সাদা দল ও ছাত্রদলের
কুবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৫৩
ফিলিস্তিনের গাজা ও অন্যান্য অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও জবরদখল বন্ধের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের সংগঠন সাদা দল এবং ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে। সাদা দল ‘নো ওয়ার্ক, নো স্কুল আনটিল জেনোসাইড স্টপস’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়েছে। একই দিন কুবি ছাত্রদলও গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সাদা দল এক বিবৃতিতে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও দখলদারিত্বের কঠোর প্রতিবাদ জানিয়ে বলেছে, ‘গাজার নিপীড়িত জনগণ যখন রক্তাক্ত, তখন ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব।’ তারা মানবতার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে দাবি করেছে, অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা থামাতে হবে। এছাড়া দলমত নির্বিশেষে সকলকে এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং হরতালের নামে দোকান ও স্থাপনায় লুটপাট ও ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে।
এদিকে, এদিন দুপুর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি থেকে কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজ রহমান শুভ বলেন, ‘ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা মুসলিম নিধনের ঘৃণ্য অপচেষ্টা।’ তিনি বলেন, ‘এ হামলা কোনোভাবেই বেঁচে থাকা মুসলমান মেনে নেবে না। মার্কিন সহায়তায় ইহুদি রাষ্ট্র ইসরায়েল এই গণহত্যা চালাচ্ছে। আমরা ফিলিস্তিন ও আল আকসার জন্য জীবন দিতেও প্রস্তুত।’
ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিন দখলের ষড়যন্ত্র করছে। মুসলিম উম্মাহ কখনোই এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। মুসলমান জাতি হিসেবে আমরা আমাদের ভাই-বোনদের রক্ষায় প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত।’

