ছবি : বাংলাদেশের খবর
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক ছাত্রদল নেতা-কর্মী অংশ নেন। তারা গাজার চলমান গণহত্যা ও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘গাজা ও রাফায় পরিকল্পিতভাবে শিশু ও সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে মানুষ মরছে।" তিনি আরও বলেন, "সৌদি আরব ও আমিরাতের মতো ইসলামি রাষ্ট্রগুলো কেন নীরব? তারা যদি ফিলিস্তিনিদের পাশে না দাঁড়ায়, তবে কেয়ামতের দিনে তাদের জবাবদিহি করতে হবে।’
সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘গাজার বাতাস আজ ভারী হয়ে উঠেছে ফিলিস্তিনিদের কান্নায়। ইসরায়েল মানবিক সব নিয়ম ভঙ্গ করে সাংবাদিক, চিকিৎসক ও শিশুদের হত্যা করছে। মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান, এখনই ঐক্যবদ্ধ হোন।’
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ‘মুসলিম বিশ্বকে এখনই ওআইসির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করতে হবে।’
সমাবেশে বক্তারা আরও বলেন, ‘শিশুরা যখন স্কুলে যাওয়ার কথা, তখন তারা মৃত্যুর মুখে পতিত হচ্ছে। শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফাঁসি নিশ্চিত করতে হবে।’
মাসুম শাহরিয়ার/এমআই

