Logo

ক্যাম্পাস

ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে র‍্যালি, ইউটিসির কর্মসূচি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৪:০২

অ
ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে র‍্যালি, ইউটিসির কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

ইসরায়েলের চাপিয়ে দেওয়া একতরফা যুদ্ধ, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন ও র‍্যালি করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স কনসোর্টিয়াম (ইউটিসি)। 

বুধবার (৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রফেসর কামরুল হাসান বলেন, ফিলিস্তিন আমাদের উম্মাহর প্রতীক। ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়ানো শুধু নৈতিক নয়, বরং ঈমানী দায়িত্ব।

ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুস্তফা মনজুর বলেন, ১৯৭২ সালে প্রথম ‘except Israel’ যুক্ত করা হয়। কিন্তু রাজনৈতিক কারণে এটি পরে সরিয়ে নেওয়া হয়। এখন আমাদের দেশের পাসপোর্টে দ্রুত ‘except Israel’ ফিরিয়ে আনতে হবে।

বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবু সাঈদ বলেন, ইতিহাসের সবচেয়ে নৃশংস বর্বরতা চলছে ফিলিস্তিনে। আমেরিকার প্রত্যক্ষ মদদে এসব সংঘটিত হচ্ছে। এর দায় তাদের স্বীকার করতে হবে।

ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রফেসর আরিফুল ইসলাম অপু বলেন, ফিলিস্তিনের ভাইদের পাশে থাকতে হবে। আমাদের জীবদ্দশায় যতদিন বেঁচে থাকব, ততদিন এ বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলব।

ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন অঞ্চলে অবিলম্বে গণহত্যা ও জবরদখল বন্ধের দাবি এবং ফিলিস্তিনিদের প্রতি হামলা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে জোরালো প্রতিবাদসহ তাদের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স কনসোর্টিয়াম (ইউটিসি)।

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে ইউটিসি তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করেছে—

এক. মানববন্ধন: ‘বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান’

তারিখ: ৯ এপ্রিল ২০২৫ | সময়: বেলা ১১:৩০ | স্থান: বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

দুই. মানববন্ধন: ‘আরব নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি আহ্বান’

তারিখ: ১৩ এপ্রিল ২০২৫ | সময়: বেলা ১১:৩০ | স্থান: বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

তিন. মানববন্ধন: ‘পণ্য বয়কট ও আমাদের করণীয়’

তারিখ: ১৪ এপ্রিল ২০২৫ | সময়: বেলা ১০:৩০ | স্থান: ভিসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়

৪. প্রতিবাদ র‍্যালি

তারিখ: ১৫ এপ্রিল ২০২৫ | সময়: দুপুর ১২:০০ | স্থান: টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

৫. প্রদর্শনী ও গণস্বাক্ষর অভিযান

তারিখ: ১৭–১৯ এপ্রিল ২০২৫ | স্থান: টিএসসি, কার্জন হল ও মল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়

এমএমআই/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন