ইসরায়েল শুধু প্যালেস্টাইনের নয়, মানবতার শত্রু : ইবি উপাচার্য
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২০:০২
ইসরায়েল শুধু প্যালেস্টাইনের নয়, মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বুধবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক শাট ডাউন প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা হতবাক, পৃথিবীর কোনও ইতিহাসে নেই যে ইসরাইল যেভাবে অবৈধ রাষ্ট্র ঘোষণা করেছে, যে বর্বরতা ইসরাইলি বাহিনী চালিয়ে যাচ্ছে ৭ অক্টোবর ২০২৩ থেকে। আমি এই বর্বরতার তীব্র নিন্দা জানাই।’
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র ছাত্রসমাজসহ সাধারণ মানুষ প্রতিবাদ করছে, কিন্তু রাষ্ট্রনায়করা প্রতিবাদ করছেন না। আজকের মুসলিম সমাজের ঈমানী ও মূল দায়িত্ব হলো, মানবতাকে রক্ষা করা, ইসরাইলের প্রতিবাদ করা, প্যালেস্টাইনকে রক্ষা করা।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল বিশ্বকে মানবতার শত্রু ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং এই জেনোসাইডের বিচার চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন এই সমাবেশে একাত্মতা প্রকাশ করেছে।
মাসুম শাহরিয়ার/এমআই

