Logo

ক্যাম্পাস

ইসরায়েলি পণ্য বয়কটে কুবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৪:৫১

অ
ইসরায়েলি পণ্য বয়কটে কুবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে তারা হাতে লিফলেট নিয়ে দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের বুঝাচ্ছেন, কেন ইসরায়েলি পণ্য বর্জন জরুরি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা প্রথমদিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এবং কোটবাড়ি বোর্ড মার্কেট এলাকার দোকানগুলোতে যান। শিক্ষার্থীরা জানান, ধীরে ধীরে তারা এই কার্যক্রম কুমিল্লা শহরের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।

আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, একজন সচেতন নাগরিক ও মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। সরাসরি কিছু করতে না পারলেও আমরা নিজেদের সাধ্য অনুযায়ী ইসরায়েলি পণ্য বর্জনের মতো কার্যকর পদক্ষেপ নিতে পারি।

তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ! যেসব দোকানদারের সঙ্গে আমরা কথা বলেছি, তারা খুব ইতিবাচক সাড়া দিয়েছেন। তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছেন, ইসরায়েলি পণ্য বিক্রি করবেন না।

একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান রায়হান বলেন, ইসরায়েলের নিষ্ঠুরতা ও শিশুহত্যার প্রতিবাদে আমাদের ন্যূনতম করণীয় হচ্ছে তাদের পণ্য বর্জন। আমরা এই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, একটি পণ্য কেনার আগেই ভাবুন, সেটি কী কারও রক্তের দামে কেনা হচ্ছে না!

তিনি আরও বলেন, প্রথমদিনে আমরা কুবির আশপাশের দোকানে জনসংযোগ চালিয়েছি। ইনশাআল্লাহ এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেব।

রিফাত/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন