জবি শিক্ষক-শিক্ষার্থীদের ‘মার্চ ফর প্যালেস্টাইন’
জবি প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৫:২৭
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দূতাবাসের উদ্দেশে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশের অনুরোধে ক্যাম্পাসে ফিরে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে এ পদযাত্রা শুরু হয়ে তাঁতিবাজার মোড় ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় তারা ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেসটাইন’; ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘ওয়ান টু থ্রি ফোর ইসরাইল নো মোর’; ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’; ‘উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’; ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’; ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা’ স্লোগান দিতে থাকে।
শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ. কে. এম রাকিব বলেন, ‘ইন্টেরিম সরকারকে আহ্বান জানাই সরকারিভাবে ইসরায়েলি পণ্য বয়কট করুন। না হলে জনগণ নিজেরাই তা বয়কট করবে। একইসাথে দক্ষ জনশক্তি তৈরি করে ইসরায়েলি পণ্যের বিকল্প পণ্য উৎপাদন করতে হবে।’
শাখা শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা মুসলিম জাতি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কিন্তু আমরা তা ভুলে গেছি। আজ আমরা শুধু ফতোয়াবাজিতে ব্যস্ত, যার সুযোগে ইহুদিসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিম ভাই-বোনদের হত্যা করছে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা হিমেল বলেন, ‘ইসরায়েলের আগ্রাসন যুগের পর যুগ ধরে চলছে। স্বাধীনতার নামে তারা ফিলিস্তিনে নৃশংসতা চালিয়ে যাচ্ছে। তথাকথিত শান্তিকামী জাতিসংঘ, ওআইসি এবং পশ্চিমা বিশ্ব চুপ করে আছে বলেই এই আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে।’
সমাবেশে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, এই গণহত্যা চালাতে ইসরাইলকে সাহায্য করছে আমেরিকা। গণহত্যা চালাতে সাহায্য করা থেকে বিরত রাখার জন্য তাদেরকে স্মারকলিপি প্রদান করা হবে।’
জেএন/এমজে

