কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা শনিবার, প্রস্তুত বাকৃবি
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৬:০২
ছবি : বাংলাদেশের খবর
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১৩ এপ্রিল) একযোগে সারাদেশে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে।
এ বছর ৩৮৬৩টি আসনের বিপরীতে ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ৪৬ হাজার ৯৩২ জন ছাত্র ও ৪৭ হাজার ৮৮ জন ছাত্রী। প্রতি আসনের বিপরীতে গড়ে প্রতিযোগিতা করবেন ২৫ জন পরীক্ষার্থী।
সারাদেশে ৯টি মূল কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রসহ মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে অংশ নেবেন ১২ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বাকৃবির রেজিস্ট্রার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
তিনি জানান, আবেদনকারীদের মধ্যে ৮৮ হাজার ৮৮৫ জন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করেছেন। পরীক্ষা শুরুর আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৫ এপ্রিল, তবে প্রয়োজনে তা ১৭ এপ্রিল পর্যন্ত গড়াতে পারে।
পরীক্ষা কেন্দ্র ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে জেলা ও ট্রাফিক পুলিশ, বাকৃবির প্রোক্টরিয়াল টিম, রোভার স্কাউট এবং বিএনসিসি। অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন ও কেন্দ্রীয় মসজিদ।
মো. আশিকুর রহমান/এআরএস

