Logo

ক্যাম্পাস

চীনের নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাকৃবির চুক্তি নিয়ে আলোচনা

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৬:১৩

অ
চীনের নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাকৃবির চুক্তি নিয়ে আলোচনা

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের নর্থওয়েস্ট এ এন্ড এফ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক শিক্ষা কলেজের উপডিন অধ্যাপক কাং জিলি, প্রাণী বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আন শিয়াপিং, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ কলেজের অধ্যাপক ড. ফ্যান লিচাও, অর্থনীতি ও ব্যবস্থাপনা কলেজের উপডিন ড. ওয়াং হংমেই এবং তথ্য প্রকৌশল কলেজের উপডিন অধ্যাপক হুয়াং লিউয়েন।

সাক্ষাতে উভয় পক্ষ এক্সচেঞ্জ প্রোগ্রাম, যৌথ গবেষণা ও শিক্ষক ফেলোশিপসহ ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন। আলোচনার ভিত্তিতে একটি স্মারক চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করা হয় এবং বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাক্ষাৎটি ছিল এক সপ্তাহব্যাপী বাংলাদেশ সফরের অংশ। সফরের নেতৃত্ব দেন বাকৃবির গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। যিনি ২০০৮ সাল থেকে ২৫ জন শিক্ষার্থীকে উক্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছেন।

পরবর্তীতে প্রতিনিধিদল বাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক ও আন্তর্জাতিক ডেস্কের পরিচালকের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন। পরে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এক বিশেষ সেশনে প্রায় ১০০ শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।

মো. আশিকুর রহমান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন