Logo

ক্যাম্পাস

জুলাইয়ে হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচার দাবি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৫

অ
জুলাইয়ে হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচার দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি অথবা পরোক্ষভাবে হামলা ও হুমকির সাথে যুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ আট দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

তারা দাবি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হুমকির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস দেওয়া হলেও এখনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। অবিলম্বে হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচারে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।

তাদের অন্যান্য দাবিগুলো হলো- ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচারের আওতায় আনা; আহত শিক্ষার্থীদের সকল অ্যাকাডেমিক ফি মওকুফ; গত ১৫ বছরে সকল নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ: ৯০ কার্যদিবসের মধ্যে শ্বেতপত্র উপস্থাপন; দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন ও অগ্রগতির প্রকাশ এবং ২০ কার্যদিবসের মধ্যে সকল দুর্নীতির শ্বেতপত্র উপস্থাপন; শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন: ১৫ দিনের মধ্যে হলগুলোর নির্মাণ কাজ আরম্ভকরণ; আবাসন বৃত্তি প্রদান ও আনুপাতিক বাজেট বরাদ্দকরণ; সমাবর্তন আয়োজন; ৩ কার্যদিবসের মধ্যে জকসুর নীতিমালা ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশ।

এসময় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ গত ৫ই আগস্ট থেকে শিক্ষার্থীবান্ধব ন্যায় সংগত দাবি-দাওয়া উত্থাপন করে আসছে। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন দৃশ্যমান অগ্রগতি বা প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এ প্রেক্ষিতে আমরা প্রশাসনের কাজের প্রতি হতাশ।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে বিশ্ববিদ্যালয় নিয়োগের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ ও ৯০ কার্যদিবসে শ্বেতপত্র উপস্থাপনের দাবি জানাচ্ছি। জকসুর নীতিমালা ও নির্বাচনী রোডম্যাপ আগামী রবিবারের মধ্যে প্রকাশ করতে হবে এবং তা পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে হবে।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সিফাত হোসাইন সিয়াম, মুখ মুখপাত্র নওশীন নওয়ার জয়া এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য উপস্থিত ছিলেন। 

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন