কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯ হাজার ৯৫২ জন আবেদনকারীর মধ্যে ৭ হাজার ৬৪৬ জন পরীক্ষা দেন। যা শতাংশ হিসেবে উপস্থিতির হার ৭৬.৮৩ শতাংশ।
গুচ্ছ থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। সেই পরিপ্রেক্ষিতে এবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) অনুষদের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে। ইউনিটটিতে ২৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৯৫২ টি আবেদন জমা পড়ে।
চাঁদপুর থেকে পরীক্ষা দিতে আসা সাজ্জাদ হোসাইন নাঈম বলেন, ‘এক্সামের প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে। উত্তরপত্র মোটামুটি ভালো হয়েছে। আশাহত হইনি।’
আরেক পরীক্ষার্থী রোবাইয়া আলম খুশবু বলেন, ‘পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষার মান স্ট্যান্ডার্ড ছিল। ক্লাসে শিক্ষকদের ব্যবহারও ভালো ছিল। চান্স পাব বলে আশা করা যায়।’
‘সি’ ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘সার্বিক পরিস্থিতি অনেক ভালো ছিল। সামান্য যে ত্রুটি ছিল, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করেছি।’

