জবি কেন্দ্রে রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:১৭
ছবি : বাংলাদেশের খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মানবিক ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হচ্ছে।
শনিবার (১৯ এপ্রিল) সারাদেশে বিভিন্ন কেন্দ্রে দ্বিতীয় ধাপে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার পরীক্ষার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে আবেদনকারী ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ১৬২ জন। আসন রয়েছে ১ হাজার ৮৭২টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৫১ জন।
‘এ’ ইউনিটের আওতায় রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এর মধ্যে কলা অনুষদে আসন রয়েছে ৮৮৬টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৫৬টি, আইন অনুষদে ১৬০টি, চারুকলা অনুষদে ১২০টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৫০টি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ।
জেএন/এমবি

