Logo

ক্যাম্পাস

প্রধান উপদেষ্টার কাছে জবি শিক্ষার্থীর খোলা চিঠি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৯:৩৫

অ
প্রধান উপদেষ্টার কাছে জবি শিক্ষার্থীর খোলা চিঠি

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে খোলা চিঠি লিখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফয়সাল মুরাদ নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (২০ এপ্রিল) নিজ ফেসবুক পোস্টে ‘মাননীয় Chief Adviser GOB’ বরাবর এ চিঠি লেখেন।

পোস্টে প্রধান উপদেষ্টার নিকট সর্বশেষ অনশন কর্মসূচিতে দেওয়া তিন দাবি জানিয়ে তিনি লেখেন, একসময় জগন্নাথ কলেজের হলগুলো দখল করে নেয়া হয়েছিল আওয়ামী দলের সহযোগী সংগঠনের দ্বারা। আজ বিশ্ববিদ্যালয় হিসেবে পথচলার ২০ বছর অতিক্রম করলেও, একটি ছেলের জন্যও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়নি। ২০১৪, ২০১৬, ২০২৪ ও ২০২৫ সালে আমরা একের পর এক আন্দোলন করেছি, প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি-তবু ভাগ্যের পরিবর্তন হয়নি। দ্বিতীয় ক্যাম্পাসের কাজসহ আগামী চার বছরের মধ্যে আবাসনের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। 

তিন দফা দাবি হলো : সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচারভিত্তিক ভবনের কাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে। যতদিন না আবাসনের স্থায়ী সমাধান হয়, ততদিন অন্তত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

পুরান ঢাকার অস্বাস্থ্যকর ও মানবেতর পরিবেশে শিক্ষার্থীরা বছরের পর বছর বাস করছে তুলে ধরে তিনি লেখেন, শিক্ষার্থীরা টিউশন ও পার্টটাইম চাকরির মাধ্যমে নিজের খরচ চালায়-কিন্তু তবু আবাসন নেই, নেই আবাসন ভাতাও। ২০২৪ সালের গণ আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। আমরা একরামুল হক সাজিদ ভাইকে শহীদ করেছি, গুলিবিদ্ধ হয়েছে ফেরদৌস, নাসিম, অনিক, প্রভা সহ অনেকেই। আহত হয়েছে শতাধিক-কারো হাত ভেঙেছে, কারো পা, কারো মাথা ফেটেছে। এত ত্যাগের পরও আজও আমরা অবহেলিত। শহীদদের আর্তনাদ, আহতদের কান্না সচিবালয় বা আপনার কার্যালয়ে পৌঁছায় না।

ফয়সাল আরও বলেন, আমাদের দিকে দয়া করে একটিবার সুদৃষ্টি দিন। আমরা আর পারছি না। হয় আবাসনের ব্যবস্থা করুন, না হয় অবিলম্বে ন্যায্য আবাসন ভাতা দিন। আমরা ক্লান্ত, আমরা বিপর্যস্ত-আর টিকে থাকতে পারছি না।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন