Logo

ক্যাম্পাস

শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের মানববন্ধন

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৪:২৭

অ
শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে নিহত জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। 

বক্তারা আরও দাবি করেন, ৫ আগস্টের পরে বিভিন্ন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে এখনও আওয়ামী দোসররা বিরাজমান। দেশকে অস্থিতিশীল করার যারা পাঁয়তারা করছে তাদের প্রতিহত করার জন্য ছাত্রসমাজ সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন।

মানববন্ধনে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে সুস্পষ্টভাবে দেখা গেছে হত্যাকাণ্ডে অন্তত ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী অংশ নিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে আল্টিমেটাম দিতে চাই  আগামী ২৪ ঘণ্টার মধ্যে পারভেজ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

আমানউল্লাহ খান/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন