নতুন তিন দাবিতে ৫ দিনের লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে শনিবার (২৬ তারিখ) পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন তারা।
সোমবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে ভাষা শহিদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
তাদের তিন দাবি হলো- বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস এবং পুরান ঢাকার দুটি হল বাণীভবন ও হাবিবুর রহমান হল নির্মাণের দৃশ্যমান কাজ শুরু করতে হবে। প্রশাসনকে প্রতি ১৫দিন পর পর দ্বিতীয় ক্যাম্পাস এবং হল নির্মাণ কাজের অগ্রগতি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দিতে হবে।
৫ দিনের লাগাতার কর্মসূচি
মঙ্গলবার (২২ এপ্রিল) কাঁথা বালিশ কর্মসূচি চলমান থাকবে। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করবে। বুধবার (২৩ এপ্রিল) একটি বিক্ষোভ মিছিল, একটি র্যালি এবং উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করবো। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে মুক্তমঞ্চ থেকে বাজেট বৃদ্ধি ও আবাসন বৃত্তি, দ্বিতীয় ক্যাম্পাস এবং হল নির্মাণের কাজের অগ্রগতি শিক্ষার্থীদের কাছে প্রকাশ করতে হবে। ২৫ ও ২৬ এপ্রিল প্রধান উপদেষ্টা বরাবর গণ খোলা চিঠি প্রেরণ কর্মসূচি পালন করবে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক ফয়সাল মুরাদ বলেন, ২০১৪ সালের আগে এবং পরে ২০১৬, ২০১৮, ২০২৪ এবং ২০২৫ আমাদের অনেক গুলো হল আন্দোলন সংগঠিত হয়েছে। কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত আবাসন সুবিধা থেকে বরাবরই বঞ্চিত। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন মিলেও দুই-আড়াই হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করি না। আমরা চেষ্টা করছি সকল ছাত্র সংগঠন মিলে একত্রে শিক্ষার্থীদের জন্য কাজ করতে।
শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, আমরা এসি রুমে গিয়ে উনাদের সাথে আর কোনো আলাপে যেতে চাই না। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সকল শিক্ষার্থীদের সামনে দায়িত্ব পাওয়ার পর এ প্রশাসন কী কী কাজ করেছে তা প্রকাশ করুক।
শাখা শিবির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন, দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী আবাসনের জন্য আন্দোলন করে আসছে। সর্বশেষ আন্দোলনে সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু হল নির্মাণ কিংবা দ্বিতীয় ক্যাম্পাসের কাজের কোনো অগ্রগতি আমি দেখছি না। এগুলো দ্রুত কাজ শুরু করার দাবি জানাচ্ছি।
এসময় শাখা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেএন/এমআই

