শিক্ষার্থী পারভেজ হত্যার বিচার ও কুয়েট ভিসির পদত্যাগ দাবি
জাবি প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পারভেজ হত্যার প্রতিবাদে এবং কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বামধারার ছাত্র সংগঠনগুলো।
সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিভিন্ন বাম সংগঠন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় মানববন্ধন করে।
কর্মসূচিতে শিক্ষার্থীরা পারভেজ হত্যার দ্রুত বিচার ও কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী প্রাপ্তি দে তপসী। তিনি বলেন, আমরা যারা জুলাইয়ে রাজপথে থেকে আমাদের বন্ধুদের শহীদ হতে দেখেছি, এই দিনগুলো আমাদের অনেক পীড়া দেয়। কেননা, আমরা স্বপ্ন দেখেছিলাম নতুন এক বাংলাদেশের। যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা করতে পারবে। কিন্তু আমরা বারবার দেখছি মব ভায়োলেন্সর সূত্রপাত হচ্ছে এবং এই মব ভায়োলেন্সের শিকার হয়েছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ।
তিনি বলেন, আমরা যদি এসকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা না বলি, আমরা যদি এই সন্ত্রাসবাজী, অস্ত্রের ঝনঝনানি এগুলোর বিরুদ্ধে কথা না বলি তাহলে আস্তে আস্তে পারভেজের মতো পরিণতি আমাদের সবার হবে।
তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে আমরা কুয়েট শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সম্পূর্ণ সংহতি জানাই।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী সজীব আহমেদ জেনিচ বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী যে আশা-আকাঙ্ক্ষা ছিল, সেগুলো কোনোভাবেই পূরণ হচ্ছে না। কুয়েটের শিক্ষার্থীদের নৈতিক আন্দোলনের পক্ষে আমরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সংহতি জ্ঞাপন করছি। কুয়েটের ভিসির বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, আমরা সেসবের যৌক্তিক সমাধান চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এখানে দাঁড়িয়েছি। আমরা দ্রুততম সময়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শামীম মোল্লা হত্যাকাণ্ড এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পারভেজ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
আমানউল্লাহ খান/বিএইচ

