ঢাবিতে এক বছরে চীনা শিক্ষার্থী বেড়েছে দ্বিগুণ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চীনা শিক্ষার্থীর সংখ্যা এক বছরে দ্বিগুণ হয়েছে। ২০২৩ সালে যেখানে ৯ জন শিক্ষার্থী চীন থেকে ঢাবিতে পড়তে এসেছিলেন, চলতি বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৬ জন। এসব শিক্ষার্থী বাংলা ভাষা শেখার উদ্দেশ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে বাংলা বিভাগে অধ্যয়ন করছেন।
ঢাবি ও চীনের মধ্যে শিক্ষাবিনিময় ও গবেষণাভিত্তিক সম্পর্কও গত বছরগুলোতে জোরদার হয়েছে। বর্তমানে চীনের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (MoU) রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো—ইউনান বিশ্ববিদ্যালয়, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ও বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়।
এই সমঝোতা এবং চীন সরকারের বৃত্তির আওতায় চলতি বছর চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছেন ঢাবির ১৮ জন শিক্ষার্থী, যেখানে গত বছর গিয়েছিলেন ৭ জন।
সম্প্রতি চিকিৎসা গবেষণা ও প্রশিক্ষণকে আরও এগিয়ে নিতে ঢাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ এবং চীনের ইউনান পিকিং ক্যান্সার হাসপাতাল ও কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চীনা শিক্ষার্থীদের আবাসনের বিষয়েও গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলে চীনা শিক্ষার্থীদের জন্য ১০ কক্ষবিশিষ্ট একটি ব্লক তৈরি করেছে ঢাবি প্রশাসন। এছাড়া ছাত্রীদের জন্য ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল’ নামে একটি নতুন আবাসিক হল নির্মাণ প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা চীন সরকারের অর্থায়নে নির্মিত হচ্ছে।
চীনের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ মাস্টার্স প্রোগ্রাম ও সেমিস্টারভিত্তিক শিক্ষাবিনিময় চালুর আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে আলোচনা চলছে এবং শিগগিরই নতুন কয়েকটি সমঝোতা স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে।
বর্তমানে আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাধ্যমে চীনের সঙ্গে বাংলাদেশের একটি শক্তিশালী দ্বিপক্ষীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠছে। প্রায় ৫০০ শিক্ষার্থী এই ইনস্টিটিউটে চীনা ভাষা শেখার পাশাপাশি চীনের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন।
উল্লেখ্য, গত নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চীনের ইউনান বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে চীন সফর করেন। সফরকালে চীনের একাধিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সর্বশেষ ১৯ এপ্রিল ঢাবি সফর করেন চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি ঢাবির সঙ্গে একাডেমিক বিনিময় সভায় অংশ নেয়।
এমএমআই/এমএইচএস

