কুয়েটে ভিসির পদত্যাগ দাবি
শিক্ষা উপদেষ্টার অনুরোধেও অনশন ভাঙেননি শিক্ষার্থীরা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪৮
শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের অনুরোধেও অনশন ভাঙেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। এক দফা দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, ‘আমরা লাশ হয়ে গেলেও ভিসির পদত্যাগ ছাড়া অনশন ভাঙব না।’
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বার বার অনুরোধ করেন, কিন্তু অনশনকারীরা অনশন ভাঙেননি।
তারা ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান।
শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, তাদের দাবি মেনে নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। অতি শিগগির কমিটি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, কারণ তা আদালতে টেকে না।
শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দুই মাস ধরে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। এই বিষয়ে আর সময় দিতে চাই না। আমরা লাশ হয়ে গেলেও ভিসির পদত্যাগ ছাড়া অনশন ভাঙব না।’
আলোচনার পর ক্যাম্পাস ত্যাগ করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম সঙ্গে ছিলেন।
কুয়েট ভিসি পদতাগের দাবিতে অনশনরত অবস্থায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাদাত হিটস্ট্রোক করেন। এখন তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ডিআর/এমজে

