Logo

ক্যাম্পাস

আমরণ অনশনে বসেছেন জাবির শিক্ষার্থীরা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৪:৫৬

অ
আমরণ অনশনে বসেছেন জাবির শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আমরণ অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন মহুয়া মঞ্চে এই অনশন কর্মসূচি শুরু করেন।

অনশনরত শিক্ষার্থীরা হলেন- মার্কেটিং বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম, সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী নাহিদ হাসান ইমন, চারুকলা বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আঞ্জুম, সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান, নৃবিজ্ঞান বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন, লোকপ্রশাসন বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মার্জিউর রহমান ও ইংরেজি বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।

এ সময় অনশনরত শিক্ষার্থীরা জানান, কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আমরা আমরণ অনশনে বসেছি। 

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি জানিয়ে বলেন, ‘জুলাই আন্দোলনে শিক্ষার্থীদেরকে যেভাবে একসাথে বেঁধেছে তা বন্ধনের দৃঢ়তার মধ্যে দিয়ে আমরা দেখিয়ে দেব।’

অনশনরত শিক্ষার্থী মার্কেটিং বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘দুইদিন ধরে কুয়েটের শিক্ষার্থীরা উপাচার্য মাসুদের পদত্যাগের দাবিতে অনশন করছে। কিন্তু আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই অন্তর্বর্তীকালীন সরকারও বিগত ২ দিন যাবত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে নীরব ভূমিকা পালন করছে।

শিক্ষার্থীদের অনশনের প্রেক্ষিতে আজকে শিক্ষা উপদেষ্টা অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করতে গিয়েছিলেন কিন্তু তিনি কোনো যৌক্তিক সমাধান করতে পারেননি। কুয়েটের ভিসি মাসুদ তার পদে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে ভিসি পদ থেকে অপসারণ করতে হবে।

তিনি আরও জানান, কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আজকে থেকে আমরা জাবির শিক্ষার্থীরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি। বিকেল ৩টার মধ্যে ভিসি মাসুদ পদত্যাগ না করলে সারাদেশে যে ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার সাথে একাত্মতা পোষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করবো এবং মহাসড়কেই অনশন কর্মসূচি চালিয়ে যাব।

সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরণ অনশনে বসেছি। অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে কিন্তু এখন ইন্টেরিমের ঘুম ভাঙ্গছে না। লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসা ইন্টেরিম শিক্ষার্থীদের সাথে গাদ্দারি করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি বিকাল ৩টার মধ্যে কুয়েটের দলকানা ভিসি মাছুদকে না সরালে আমরা সারাদেশে ব্লকেড কর্মসূচি দেব এবং ঢাকা- আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব।’

আমানউল্লাহ খান/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন