Logo

ক্যাম্পাস

৪ দাবিতে জবি শিক্ষার্থীদের স্মারকলিপি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৪:৫৮

অ
৪ দাবিতে জবি শিক্ষার্থীদের স্মারকলিপি

বাজেট বৃদ্ধি ও আবাসন বৃত্তিসহ চার দফা দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পার হলেও এখনো শিক্ষার্থীদের জন্য কোনো আবাসন সুবিধা নিশ্চিত করা হয়নি।

অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এটি ‘চরম বৈষম্যমূলক’ উল্লেখ করে তারা বলেন, এটি শিক্ষার্থীদের শিক্ষা, নিরাপত্তা ও মানবিক চাহিদার পরিপন্থী। 

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে চলমান শান্তিপূর্ণ আন্দোলন আরও বেগবান হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৪ দফা দাবি
১. ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।

২. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ই মে’র মধ্যে শুরু করা।

৩. বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ।

৪. আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

উল্লেখ্য, আবাসন সংকট ও দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই জবি শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। এর আগে বিভিন্ন সময় তারা মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

  • জেএন/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন