Logo

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা

Icon

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪০

অ
নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে চালু করা হচ্ছে বিশেষ পরিবহন ব্যবস্থা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই ভর্তি কার্যক্রম নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) ‘সি’ ইউনিট (বাণিজ্য শাখা) দিয়ে পরীক্ষা শুরু হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। এরপর ২ মে অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) পরীক্ষা এবং ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) পরীক্ষা। ওই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রইং) পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বাস সার্ভিস। ময়মনসিংহ টাউন হল থেকে বাস ছাড়বে সকাল ৮টায়, ভালুকা থেকে সকাল সাড়ে ৮টায়, ত্রিশাল থানা মোড় থেকে শিক্ষক-কর্মকর্তাদের জন্য বাস ছাড়বে সকাল ৯টায়। 

পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতি বাস ছাড়বে দুপুর সাড়ে ১২টায় (শিক্ষার্থীদের জন্য) এবং ১টা ৫০ মিনিটে (শিক্ষক ও কর্মকর্তাদের জন্য)। এ ছাড়া, শিক্ষক-কর্মকর্তা ও বিভিন্ন উপ-কমিটির সদস্যদের জন্য পৃথক মাইক্রোবাস ও বড় বাসের ব্যবস্থাও রাখা হয়েছে।

নিরাপত্তার বিষয়েও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে মোতায়েন থাকবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরীক্ষার দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উপস্থিত ছিলেন, ট্রেজারার, রেজিস্ট্রার, অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাকপ ড. আহমেদ শাকিল হাসমী বলেন, ‘পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ।’

সাইফুল ইসলাম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন