স্বেচ্ছাশ্রমে লেক সংস্কার করতে চায় জাবি শিক্ষার্থীরা
জাবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৮:০২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সংলগ্ন লেকটি সংস্কারের দাবিতে ছয় দফা প্রস্তাব উত্থাপন করেছে অনুষদটির শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই দিনের গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে প্রস্তাবগুলোর পক্ষে সর্বস্তরের ছাত্রছাত্রীদের মতামত সংগ্রহ করা হয়। পরবর্তীতে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে।
সংস্কার প্রস্তাবসমূহের মধ্যে রয়েছে :
১. লেকটির দ্রুত গভীর খনন, ২. স্থায়ী পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে ময়লা-আবর্জনা পরিষ্কার এবং “লেক সংস্কার কমিটির” কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ, ৩. সংস্কার কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ ও কমিটির স্বচ্ছতা নিশ্চিতকরণ, ৪. মুরাদ চত্বর সংলগ্ন ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং দোকান থেকে সৃষ্ট বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, ৫. বৃষ্টির পানিতে ফেলে রাখা বর্জ্য লেকে মিশ্রিত হওয়া রোধে উপর্যুক্ত ডাস্টবিনের ব্যবস্থা, ৬. লেকের চারপাশে গাছ লাগানো ও সৌন্দর্য বর্ধনের পদক্ষেপ।
এই ছয় দফা বাস্তবায়নে শিক্ষার্থীরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে নিজেরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে লেক সংস্কারের উদ্যোগ নেবেন বলেও জানান তারা।
দর্শন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তাজনীন নাহার তাম্মি বলেন, ‘নতুন কলার একজন শিক্ষার্থী হিসেবে প্রতিনিয়ত লেকটিকে মৃতপ্রায় হতে দেখছি। মশার উপদ্রবসহ পরিবেশগত ভারসাম্য বিনষ্ট হচ্ছে। আমরা চাই দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, আর প্রশাসন যদি এগিয়ে না আসে, তবে আমরা নিজেরাই এগিয়ে আসব।’
এ বিষয়ে উপাচার্য জানিয়েছেন, প্রশাসনের সদিচ্ছা আছে। তবে আর্থিক সংকটের কারণে লেক খনন কার্যক্রম পর্যায়ক্রমে শুরু হবে। অন্য সংস্কার প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে।
আমানউল্লাহ খান/এমআই

