Logo

ক্যাম্পাস

‘রোগ নিয়ন্ত্রণ-প্রতিরোধে ভেটেরিনারিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ’

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৮:১৪

অ
‘রোগ নিয়ন্ত্রণ-প্রতিরোধে ভেটেরিনারিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ’

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ভেটেরিনারি অনুষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বর থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, কে.আর মার্কেট, ভেটেরিনারি অনুষদ প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে ভেটেরিনারি অনুষদের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। র‍্যালি শুরুর আগে দুই নম্বর ভবনের সামনে কেক কাটা ও বেলুন উড়ানোর মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাকৃবির বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদ্‌যাপন কমিটির চেয়ারম্যান ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। সঞ্চালনায় ছিলেন উদ্‌যাপন কমিটির সদস্যসচিব ও মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ও বাকৃবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. মো. সহিদুজ্জামান, নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম ও ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের পরিচালক ডা. মনোরঞ্জন ধরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা সারাদেশে একক ভেটেরিনারি ডিগ্রি চালু করার গুরুত্বারোপ করেন। প্রাণী চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

ড. বাহানুর বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ দেশের প্রাণিসম্পদ উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। আমাদের গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণমূলক কার্যক্রমের মাধ্যমে আমরা পশু স্বাস্থ্য, জনস্বাস্থ্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য উচ্চমানের ভেটেরিনারি পেশাজীবী তৈরি করছি। কোভিড-১৯ মহামারির সময় এবং পরবর্তীতে ওয়ান হেলথ ধারণা বাস্তবায়নে ভেটেরিনারিয়ানদের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতি বছর নানা ধরনের সংক্রামক ও অসংক্রামক রোগ পশুসম্পদ খাতকে হুমকির মুখে ফেলছে। এসব রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ভেটেরিনারিয়ানদের যথাযথ ভূমিকা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে খাদ্যে ভেজাল, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং জুনোটিক রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ভেটেরিনারি পেশার ভূমিকা অপরিসীম।

আশিকুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন