Logo

ক্যাম্পাস

পিএসসি সংস্কারসহ ৭ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৮:০৭

অ
পিএসসি সংস্কারসহ ৭ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কার এবং প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তিসহ সাত দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

রোববার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ শেষে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ মিছিল শেষ হয়।

এসময় আন্দোলনের মুখপাত্র ও বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হুসাইন মুন্না ৭ দফা দাবি তুলে ধরেন। 

তাদের দাবিগুলো হলো:

  • ৪৫ তম বিসিএস থেকে ভাইভার নম্বর ১০০ করতে হবে।
  • প্রিলি, লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে। 
  • প্রতিটি বিসিএসের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।
  • সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে ভেরিফিকেশনের হয়রানি লাঘবের ব্যবস্থা এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে।
  • ভাইভা উত্তীর্ণ সকলের চাকুরির নিশ্চিত করতে হবে।
  •  প্রাইভেট সেন্টার আবেদন ফি সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে আগামী ৭ দিনের মধ্যে কমিশন গঠন করতে হবে।
  • বিসিএসসহ সকল চাকুরি পরীক্ষার ভাইভা বোর্ডে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে।
  • বিসিএস প্রশ্নফাঁসকারী চক্রান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় নতুন করে পরীক্ষা নিতে হবে।

শিক্ষার্থী সাজ্জাদ হুসাইন মুন্না বলেন, ‘৫ আগস্টের পরে এ বিষয় নিয়ে কথা বলা লজ্জার। আমাদের হতাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ভেবেছিলাম আমাদের রাজপথে নামতে হবে না। কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমরা কঠোর সিদ্ধান্ত নেব।’

পদার্থবিজ্ঞানের ১২ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরেও পিএসসির সংস্কার নিয়ে আন্দোলন করতে হবে এটা ভাবিনি। আমাদের দাবি না মানলে জুলাইয়ের মত আবারও রাজপথে নামতে বাধ্য হব।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন বলেন, ‘পিএসসি সংস্কারের জন্য আন্দোলন করেছি এটাই শেষ নয়। সংস্কার না হলে আন্দোলন অব্যাহত থাকবে। ৪৬তম বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে এটাতে কোনো সন্দেহ নেই।’

তিনি আরও বলেন, ‘জড়িত কর্মকর্তা ও শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া উক্ত পরীক্ষা বাতিল করে পুনরায় নিতে হবে। এছাড়া একইদিনে অনেকগুলো পরীক্ষা নেওয়া হচ্ছে যা দুঃখজনক এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।’

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন