‘মানবাধিকার সুরক্ষায় কাজ করবে ঢাবি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২১:৪৯
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানবাধিকার সুরক্ষা এবং সচেতনতা তৈরিতে কাজ করতে ‘ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন’ নামক নতুন সংগঠন গঠন করা হয়েছে।
সংগঠনটি ক্যাম্পাসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সংখ্যালঘু অধিকার ও জাতিগত সম্প্রীতি রক্ষা, শিশু অধিকার নিশ্চিত, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা এবং প্রয়োজনে আইনি সহায়তা প্রদানসহ মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে কাজ করবে।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা। তারা জানান, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে গণরুম ও গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে। এই সংস্কৃতি আর কখনো বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ফিরিয়ে আনা যাবে না, তা নিশ্চিত করতে সংগঠনটি কাজ করবে।
‘রাইজ ফর রাইটস’ স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার সংগঠনটি ২৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে। আজ রোববার সংবাদ সম্মেলনে সেই কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাহমিদ সাকিব এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের শিক্ষার্থী পত্র নন্দিতা। যুগ্ম আহ্বায়ক হয়েছেন ইসমাঈল নাহিদ এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন রুকাইয়া রচনা।
সংবাদ সম্মেলনে ‘ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক তাহমিদ সাকিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে সংগঠনটি শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে। ক্যাম্পাসে নারীর প্রতি সহিংসতা, সংখ্যালঘুদের অধিকার এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রশাসনের কার্যকরী ভূমিকা দেখা যায় না। এই সমস্যা সমাধানে আমাদের সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে।’
সংগঠনটির সদস্য সচিব পত্র নন্দিতা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অপ্রতুল নয়, বিশেষত রাজনৈতিক পরিসরে এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতেও এটি বিদ্যমান। সচেতনতা তৈরি এবং অধিকার আদায়ে আমাদের সংগঠন কাজ করবে।’
এছাড়া, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইসমাঈল নাহিদ বলেন, ‘আমরা ক্যাম্পাসে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ রিপোর্ট প্রকাশ করবো, যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরা হবে। এছাড়া, সচেতনতামূলক ক্যাম্পেইন, সেমিনার এবং মানববন্ধনের আয়োজন করা হবে। প্রতিবছর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ডকুমেন্টেশন করে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে।’
সংবাদ সম্মেলনে সদস্য তাপসী রাবেয়া বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা, আইন ও মানবাধিকার সম্পর্কিত প্রশিক্ষণ প্রোগ্রাম এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করতে চাই।’
২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে আরও আছেন, হুরে জান্নাত, তাজফিহা উখরোজ, সামিয়া মাসুদ, সুরমি চাকমা, নাফিসা নুজহাত, ইসরাত জাহান, আবদুল্লাহ আজিমসহ আরও অনেকে।
একমাত্র মানুষের অধিকার রক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে ‘ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন’ নতুন করে ঢাবি ক্যাম্পাসে মানবাধিকার আন্দোলন শুরু করেছে।
এমএমআই/এমএইচএস

