Logo

ক্যাম্পাস

জবি ছাত্রদলের হাতে ছাত্রলীগের ২ নেতা আটক, পুলিশে হস্তান্তর

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৯

অ
জবি ছাত্রদলের হাতে ছাত্রলীগের ২ নেতা আটক, পুলিশে হস্তান্তর

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে।

আটককৃত একজন জবি শাখা ছাত্রলীগের সহসভাপতি আতাউল গণি টুটুল ও আরেকজন পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আকরাম হোসেন।

রোববার (২৭ এপ্রিল) বিকালে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ছাত্রদলের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

প্রত্যক্ষদর্শীরা জানান, টুটুল ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চাকরি নেওয়া ও ছাত্রলীগের পদে থাকায় ছাত্রদলের নেতাকর্মীরা কাঁঠাল তলার সামনে তাকে মারধর করে। পরে তাকে প্রক্টর অফিসে রেখে দেওয়া হয়। এদিকে অভিযুক্ত আকরাম হোসেন মাস্টার্সের সার্টিফিকেট তুলতে ক্যাম্পাসে এলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকেও মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়।

অভিযুক্ত আকরাম হোসেন বলেন, ‘আমি আজ ক্যাম্পাসে মাস্টার্সের সার্টিফিকেট তুলতে আসি। তখন আমাকে নিয়ে আসে। আমি প্রথম বর্ষে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম। ওই সময় ছাত্রলীগ নেতারা জোর করে সবাইকে নিয়ে যেত। এর বেশি আর কিছু করিনি। আমার কোনো পদ-পদবি ছিল না।’

শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, আমাদের নেতাকর্মীদের বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা করা হয়। হামলায় জড়িত দুজন ছাত্রলীগ নেতাকে আটক করে ভিক্টিমরা। তাদের প্রক্টরিয়াল বডির কাছে বুঝিয়ে দেওয়া হয়। প্রক্টরিয়াল বডি তাদের থানায় হস্তান্তর করেছে। এখন পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর (এসআই) বাহাউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি থেকে দুইজনকে হস্তান্তর করা হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তার ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল বলেন, আটক হওয়া ছাত্রলীগের একজন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও আরেকজন ছাত্রলীগকর্মী। তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে শাখা ছাত্রদল। ছাত্রদলের দেওয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবে।

জেএন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন