‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ভারতের ঠাঁই নাই’ স্লোগানে রাবিতে বিক্ষোভ
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:১৮
ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও ঢাকা-রাজশাহী সড়ক অবরোধ করে শহরের তালাইমারিতে গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বাল ‘, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ভারতের ঠাঁই নাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতের টালবাহানা, এই বাংলায় হবে না’, ‘ভারতীয় আধিপত্য ভেঙে দাও গুঁড়িয়ে দাও’,‘ আমার দেশের অপমান সইবে না রে জনগণ’, ‘গোলামী না মৃত্যু, মৃত্যু মৃত্যু’, ‘ভারতের বন্দিশালা, লাথিমার ভাঙরে তালা’, ‘ভারতীয় আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দেওয়া হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিশকাত মিশু বলেন, ‘ভারত আমাদের বন্ধু না, ভারত একটা জঙ্গিরাষ্ট্র। ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত আমাদের কূটনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা দিতে বাধ্য। কিন্তু জঙ্গি ভারত ইসকনের হাত থেকে আমাদের হাইকমিশন রক্ষা করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সিকিম নয়, রাজস্থান নয়, বাংলাদেশ অঙ্গরাজ্য হবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আবরার ফাহাদ হতে প্রস্তুত আছে। বাংলাদেশের বিশ কোটি মানুষের রক্তের উপর গিয়ে ভারতকে বাংলাদেশ দখল করতে হবে। ভারতকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আর একবার বাংলাদেশকে আক্রমণ করতে চান, তাহলে সেভেন সিস্টার অক্ষত থাকবে না।’
সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘এটা খুবই স্পষ্ট যে জুলাই বিপ্লবের পরে ভারত চাচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা। যা দিয়ে আমাদের জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে চায়। এটার সুযোগ বাংলাদেশের বিপ্লবী ছাত্রজনতা কখনোই হতে দেবে না। আমরা ওই রাষ্ট্রকে আমাদের এই রাষ্ট্র দিয়ে খেলব। কেউ কোনো সাম্প্রদায়িক ষড়যন্ত্রে পা দেবো না।’
সমাবেশে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব, ফাহিমসহ অনেকে।
এমজে

