Logo

ক্যাম্পাস

মুচলেকা দিলে মামলা-জিডি প্রত্যাহার : ববি উপাচার্য

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০২৫, ২১:৪০

অ
মুচলেকা দিলে মামলা-জিডি প্রত্যাহার : ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শূচিতা শরমিন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান উত্তেজনার মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিয়েছেন উপাচার্য অধ্যাপক শূচিতা শরমিন। তিনি বলেছেন, শিক্ষার্থীরা মুচলেকা দিলে তাদের বিরুদ্ধে করা মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করা হবে।

রোববার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য এ কথা বলেন। তিনি জানান, আন্দোলনের মুখে রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ করা হয়েছে এবং সাত দিনের মধ্যে নতুন রেজিস্ট্রার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উপাচার্য জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঢাকায় অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট ও কাউন্সিলে ফিরিয়ে আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। এছাড়া শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে কমিটি গঠন ও ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমির মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তবে উপাচার্যের সংবাদ সম্মেলনের আড়াই ঘণ্টার মধ্যে পাল্টা সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি তোলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, উপাচার্য বরাবরই শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করেছেন এবং তাদের বিরুদ্ধে মামলা-জিডি করেছেন।

তারা বলেন, ক্যান্সার আক্রান্ত এক শিক্ষার্থীর আর্থিক সহায়তার আবেদন উপাচার্য স্বাক্ষর না করায় সময়মতো সহায়তা মেলেনি, যা দায়িত্বহীনতার পরিচায়ক। সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ভিসির অপসারণের দাবিতে স্লোগান দেন।

প্রসঙ্গত, সাবেক আওয়ামী লীগ নেতা রেজিস্ট্রার মনিরুল ইসলামের অপসারণসহ চার দফা দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। মামলা ও দমনমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে অভিযোগ তাদের।

জেআই জুয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন