Logo

ক্যাম্পাস

কাপড়ের ভাঁজে ভাঁজে ভালোবাসা

খুলনা বিশ্ববিদ্যালয়ের সবার প্রিয় ‘মিঠু দা’

Icon

আল মামুন

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৫:৫০

আপডেট: ০৮ মে ২০২৫, ১১:৪৩

অ
খুলনা বিশ্ববিদ্যালয়ের সবার প্রিয় ‘মিঠু দা’

খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছানউল্লাহ হলে ঢুকেই ডান পাশে একটা পরিচিত দৃশ্য চোখে পড়ে। পুরনো আয়রন মেশিনের গাঢ় গরম ধোঁয়া আর পাশে হাসিমুখে ব্যস্ত একজন মানুষ—মিঠু দা। গত দেড় দশকের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাপড়চোপড়ের যত্ন করে আসছেন এই মানুষটি।

পুরো নাম মিঠুন কুমার দাস। বাড়ি খুলনার বটিয়াঘাটার ছাচিবুনিয়া গ্রামে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে ভালোবেসে ‘মিঠু দা’ বলেই ডাকে। ২০১০ সালের ৮ আগস্ট থেকে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যুক্ত। তার সংসারে আছেন স্ত্রী ও দুই মেয়ে।

বিশ্ববিদ্যালয়ে আয়রনের কাজ শুরু করার শুরুর দিনগুলো এখনো তার মনে গেঁথে আছে। তিনি বলেন, প্রথম দিকে কাজ বেশি হতো, ঢাকা-চট্টগ্রামের ছেলেমেয়েরা তখন বেশি আসতো, ধোলাইয়ের কাজ বেশি হতো। কিন্তু এখন ডিজিটাল যুগ হওয়ায় ওয়াশিং মেশিন সুবিধা, আর লোকাল শিক্ষার্থী বেশি, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এখন কাজ অনেক কমে গেছে। আগের মতো এখন তেমন আয়রনের কাজ পাওয়া যায় না।

শুধু আয়রনের কাজ নয়, শিক্ষার্থীদের জীবনের অনেক মুহূর্তের সাক্ষী তিনি। আর্কিটেকচার বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা একবার জুরির শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জন্য আয়োজন করেন খাবারের প্রোগ্রাম। সেদিন মিঠু-দা কে নিয়ে যাওয়া হয়েছিল খুলনার হোটেল ক্যাসেল সালাম এবং ওয়েস্টার্ন ইন-এ। সে স্মৃতি আজও তার মনে গর্বের জায়গা নিয়ে আছে।

তবে মিঠু দা পরিবর্তনের কথাও বলেন। তার ভাষায়, ১৬ ব্যাচের পর থেকে কেনো জানি মনে হয় তৃপ্তি পাই না কথা বলে। এখনকার শিক্ষার্থীরা কেমন জানি একটু রোবটের মতো হয়ে গেছে। আগে ছেলেমেয়েরা বেশি মিশুক ছিল।

বিশ্ববিদ্যালয়ের অনেক পুরনো শিক্ষার্থী এখন শিক্ষক হয়েছেন, প্রশাসনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তাদের আচরণে কোনো অহংকার নেই বলে গর্ব করে বলেন মিঠু দা। ‘যারা এখানের ছাত্র ছিলো তারা এখন শিক্ষক হয়েছে, কিন্তু যখন তারা আমার এখানে আসে কখনো শিক্ষকসুলভ বা প্রশাসনিক আচরণ করে না। বন্ধুর মতো আচরণ করে। যেইটা অনেক ভালো লাগে।’ 

ভবিষ্যত নিয়ে তার প্রত্যাশা খুব সরল। বলেন, যতদিন প্রতিষ্ঠান চাইবে, যতদিন সুস্থ থাকব, ততদিন এই প্রতিষ্ঠানে থাকতে চাই।

মিঠু দার আয়রনের ভাঁজে শুধু কাপড়ের ভাঁজ নয়, সেখানে মিশে আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্মৃতি, ভালোবাসা আর কৃতজ্ঞতা। কাপড়ের গরম ভাঁজে তিনি রেখে যান এক অদৃশ্য মমতার ছাপ— যা সময় পেরিয়ে গিয়েও থেকে যায় হৃদয়ের গভীরে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন