Logo

ক্যাম্পাস

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

Icon

আল মামুন

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৯:১৯

অ
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসি‌ই) ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌকির হাসান আবিদের (সাতক্ষীরা) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশে শাহ শিরিন সড়কের একটি মেস বাসায় এ ঘটনা ঘটে।

সহপাঠীরা জানান, দুপুরে আবিদের কক্ষের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন তারা। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এরপর খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হরিণটানা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাসার জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পরিবার বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাড়ির কেয়ারটেকার সিয়াম জানান, আবিদ ভবনের দ্বিতীয় তলায় একা থাকতেন। দুপুর ১টার দিকে পাশের কক্ষের আরেক ছাত্র দরজা না খোলায় ছিদ্র দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর অন্য শিক্ষার্থীদের সহায়তায় দরজা ভেঙে ফেলা হয় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন