Logo

ক্যাম্পাস

ইউজিসির বাজেট বৈষম্যের অভিযোগে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

জবি প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৩:৫১

অ
ইউজিসির বাজেট বৈষম্যের অভিযোগে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই বাজেট বৈষম্যের শিকার—এই অভিযোগ তুলে ইউজিসির বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বৃদ্ধিসহ চার দফা দাবি তুলে ধরে আন্দোলনে নামে তারা।

মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক ভবনের নিচে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে ‘বৈষম্যের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘জবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জবি নিয়ে বৈষম্য, মানি না মানবো না’—এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বাজেটে জবি দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। যেখানে অনেক বিশ্ববিদ্যালয় ২৫০-৩০০ কোটি টাকা বাজেট পায়, সেখানে আবাসন সংকটে শীর্ষে থাকা জবির জন্য বরাদ্দ মাত্র ১৫০-২০০ কোটি টাকা। অথচ জবিতে রয়েছে ২০ হাজার শিক্ষার্থী, নেই পর্যাপ্ত আবাসন, ক্লাসরুমও সংকটাপন্ন।

সমাবেশে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় যদি চলে, তাহলে যেন বিশ্ববিদ্যালয়ের মতোই চলে। অন্যথায় এমন বিশ্ববিদ্যালয়ের দরকার নেই।

পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ইউজিসি চেয়ারম্যান পদে বসার পেছনে জবির শিক্ষার্থীদের আন্দোলনের ভূমিকা ছিল। সেই ছাত্রদের দিকেই আজ আপনি অবহেলার চোখে তাকাচ্ছেন। আমরা বলছি—বৈষম্য বন্ধ করুন, দাবি মানতে হবে।

শিক্ষার্থীদের চার দফা দাবি
১. ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বাড়াতে হবে এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

২. পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করতে হবে। একইসঙ্গে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণও শুরু করতে হবে।

৩. প্রতি ১৫ দিন অন্তর হল ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ অগ্রগতির বিষয়ে প্রশাসনকে মুক্তমঞ্চে ব্রিফ করতে হবে।

৪. আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানা হলে পরবর্তী কর্মসূচিতে যাবে তারা।

  • জেএন/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন