বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার প্রটোকল বহরে অংশ নিয়ে হিটস্ট্রোকে অসুস্থ হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের এক নেতা। অসুস্থ ওই নেতার নাম আজিজুর রহমান। তিনি জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (৬ মে) দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ান এলাকায় প্রটোকল বহরে অংশ নেওয়ার সময় প্রচণ্ড গরমে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। পরে দলীয় নেতা-কর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‘দেশনেত্রী দেশে আসবেন শুনে খুশিতে আজিজুর সারা রাত ঘুমাননি। সকালে প্রোগ্রামে অংশ নেন। প্রচণ্ড গরমে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন তিনি হাসপাতালে ভর্তি আছেন।’
জেএন/এমএইচএস

