Logo

ক্যাম্পাস

জবির দ্বিতীয় ক্যাম্পাসে ২টি অস্থায়ী হলের উদ্যোগ ইউজিসির

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৮:৫৯

অ
জবির দ্বিতীয় ক্যাম্পাসে ২টি অস্থায়ী হলের উদ্যোগ ইউজিসির

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসের সাত একর জমিতে অস্থায়ীভাবে আবাসনের উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এ কথা বলেন। 

ইউজিসি চেয়ারম্যান ফায়েজ বলেন, বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। আমরা চেষ্টা করছি জগন্নাথের শিক্ষার্থীদের জন্য কিছু করার। এই বিশ্ববিদ্যালয়ের এত সংকট তা সমাধান করতে একটু সময় দিতে হবে আমাদের। আমরা প্রাথমিক অবস্থায় দুটো অস্থায়ী আবাসনের উদ্যোগ নিচ্ছি। একই সাথে বাজেট ও আবাসন ভাতার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার সাথে সর্বোচ্চ গুরুত্ব সহকারে আলোচনা করব। এছাড়া সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে অতি দ্রুতই একটি মিটিং আয়োজনের চেষ্টা করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ইউজিসি চেয়ারম্যান প্রাথমিক অবস্থায় আমাদের দুটো অস্থায়ী আবাসনের জন্য প্রজেক্ট বরাদ্দ দিবেন। এছাড়া আমাদের নারী শিক্ষার্থীদের জন্য একটা বৃত্তি প্রদান করার কথা বলেছেন। একই সাথে বাজেট ও আবাসন ভাতার বিষয়ে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করবেন। যদি ওই মিটিংটার আয়োজন করতে পারি তাহলে আমাদের সমস্যাগুলোর একটি সমাধানে আসবে বলে আমরা আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড রইছ উদ্দীন, অর্থ পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. রিফাত হাসান, প্রক্টর অধ্যাপক ড মো. তাজাম্মুল হক, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসেন,  ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড নাসির আহমেদ, শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন, ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম, ছাত্রঅধিকারের সভাপতি একেএম রাকিব হাসান, বৈষম্যবিরোধী ছাত আন্দোলন এর আহ্বায়ক মাসুদ রানা, মুখপাত্র নওশিন নওয়ার জয়া, ইসলামি ছাত্র আন্দোলনের সেক্রেটারি আশিকুল ইসলাম আকাশসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জেএন/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন