Logo

ক্যাম্পাস

যমুনার উদ্দেশে জবি শিক্ষার্থীদের লংমার্চ আজ

Icon

জবি প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৮:১৩

অ
যমুনার উদ্দেশে জবি শিক্ষার্থীদের লংমার্চ আজ

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি, আবাসন ভাতা নিশ্চিতসহ চার দফা দাবিতে আজ (বুধবার) ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচিতে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ৯টার দিকে ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের ব্যানারে শহীদ মিনারে এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, আমরা মঙ্গলবার ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি। সেখানে ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা দেওয়া এবং ৩০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট কাটছাঁট না করার দাবি জানানো হয়। কিন্তু ইউজিসি আমাদের আশানুরূপ কোনো সাড়া দেয়নি, শুধু আশ্বাস দিয়েছে। তাই বাধ্য হয়েই আমরা লংমার্চের ডাক দিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন চলবে।

জবি শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, জবি শিক্ষার্থীদের সঙ্গে আগেও টালবাহানা করা হয়েছে, এবারও হচ্ছে। শুধু আশ্বাস দিয়ে দমিয়ে রাখা যাবে না। এবার কাঁধে কাঁধ মিলিয়ে সবাই লংমার্চে যাবে। অধিকার আদায় করেই ফিরবে শিক্ষার্থীরা।

গত কয়েকদিন ধরে আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি, অংশগ্রহণমূলক প্রশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠাসহ চার দফা দাবিতে লাগাতার আন্দোলন করে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা একযোগে ইউজিসিতে গিয়ে আলোচনায় বসেন। তবে আলোচনায় কোনো সুনির্দিষ্ট সমাধান না আসায় শিক্ষার্থীরা আন্দোলনের পরবর্তী ধাপে লংমার্চের কর্মসূচি নেয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না।

  • ডিআর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন