Logo

ক্যাম্পাস

ঢাবিতে ‘আন্তঃধর্মীয় সম্প্রীতির বিতর্ক উৎসব’ সম্পন্ন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৮:৪৫

অ
ঢাবিতে ‘আন্তঃধর্মীয় সম্প্রীতির বিতর্ক উৎসব’ সম্পন্ন

‘বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘৬ষ্ঠ আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব’। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ডিবেটিং ক্লাব’ আয়োজিত এ উৎসবে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আসমা সুলতানা লিজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, ক্লাবের মডারেটর মো. দিদারুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক রাগীব আনজুম এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ-এর চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ।

এ সময় ‘সভ্যতার বিবর্তনে নদী ও ধর্ম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও নদী গবেষক শেখ রোকন। আলোচনায় অংশ নেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক নূরুদ্দীন মুহাম্মাদ।

সমাপনী অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. সায়মা হক বিদিশা বলেন, বিতর্ক মানুষের চিন্তাশক্তি ও পারস্পরিক যোগাযোগ দক্ষতা বাড়ায়। নদী, ধর্ম, প্রকৃতি ও মানুষের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তিনির্ভর বিতর্ক আয়োজন নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে অংশগ্রহণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের সমাজ সচেতনতা বৃদ্ধিতে কার্যকর। নদী ও পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা রাখতে হবে বলেও তিনি মত দেন।

উৎসবে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিতর্ক দল। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের বিতর্ক দল চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিতর্ক দল রানার্সআপ হয়।

  • এমএমআই/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন