Logo

ক্যাম্পাস

সাম্য হত্যার বিচার দাবিতে কুবিতে ছাত্রদলের অবস্থান

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৮:২২

অ
সাম্য হত্যার বিচার দাবিতে কুবিতে ছাত্রদলের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ সংগঠনের নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে ধরে রেখেছিলেন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। সেগুলোর মধ্যে ছিল, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের ক্ষমা নাই’, ‘ভাই হত্যার বিচার চাই’, ‘ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরবে, খুনি কেন বাহিরে?’

এ সময় ছাত্রদলের নেতারা বলেন, ঢাবির ভিসি ও প্রক্টর সাম্য হত্যার দায় এড়াতে পারেন না। দায়িত্ব পালনে চরম ব্যর্থতার জন্য তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।

কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, আজ তিনদিন হয়ে গেছে আমাদের ভাই সাম্যকে খুন করা হয়েছে। অথচ এখনো সব হত্যাকারীকে শনাক্ত করতে পারেনি প্রশাসন। আমরা দ্রুত বিচার দাবি করছি।

তিনি আরও বলেন, সাম্যের ওপর হামলার সময় প্রক্টোরিয়াল বডির সঙ্গে যোগাযোগ করেও দীর্ঘ দুই ঘণ্টা কোনো সাড়া মেলেনি। সময়মতো ব্যবস্থা নিলে হয়তো সাম্যকে বাঁচানো যেত। এ দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।

ঢাবি ভিসির আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, সাম্য হত্যার প্রতিবাদে সহপাঠীরা যখন বিক্ষোভ করছিল, তখন ঢাবির ভিসি যে উসকানিমূলক ও মাস্তানসুলভ আচরণ করেছেন, তা একজন উপাচার্যের জন্য লজ্জাজনক।

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সাম্য হত্যার বিচার চাই। অবিলম্বে বিচার কার্যক্রম শুরু না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

উল্লেখ্য, গত ১৩ মে রাতে ঢাবির সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছাত্রদলনেতা শাহরিয়ার আলম সাম্যকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

  • রিফাত/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন