ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের চার দাবিতে বিকেল সাড়ে ৩টা থেকে গণ-অনশন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
শিক্ষক সমিতির পক্ষ থেকে গণঅনশন শুরুর ঘোষণা দেন সংগঠনটির মুখপাত্র অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভুঁইয়া।
তিনি বলেন, আজ থেকে আমাদের এই গণঅনশন কর্মসূচি শুরু হলো। যতক্ষণ আমাদের দাবি পূর্ণাঙ্গভাবে পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতে থাকবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যেন পুলিশের ব্যারিকেড পার না হয়ে যায়। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি পালন করতে হবে। যাতে কেউ এটা কোনোভাবে ভিন্নদিকে প্রভাবিত না করতে পারে।
এর আগে, শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় সাবেক বর্তমান শিক্ষার্থীদের সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।

তিনি বলেন, ‘আমাদের আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে আমাদের আর পেছনে ফেরার জায়গা নেই। আমরা বিকেল সাড়ে তিনটায় অনশন কর্মসূচি শুরু করব। বিজয় না নিয়ে আমরা ফিরছি না।’
এর আগে, গত বুধবার থেকে কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা সমাবেশ করছেন। বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০টি বাস চক্রাকারে শিক্ষার্থীদের আন্দোলনস্থলে নিয়ে এসেছেন।
চলমান আন্দোলনের চার দফা দাবি হলো :
বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা; জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া; দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও দ্রুত বাস্তবায়ন, ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
উল্লেখ্য, শিক্ষার্থীরা চার দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
জেএন/এমআই

