Logo

ক্যাম্পাস

কুমিল্লা জেলার ৩ সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৮:১০

অ
কুমিল্লা জেলার ৩ সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা

কুমিল্লায় জুলাই আন্দোলনে আহতদের স্মরণে আয়োজিত জুলাই সমাবেশে অপমানিত হওয়ার অভিযোগ এনে জেলার তিন সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা করেছে কুবি বিশ্ববিদ্যালয় সমন্বয়কদের একাংশ। একইসঙ্গে তারা সমাবেশ বর্জনের ঘোষণাও দিয়েছে।

শুক্রবার (১৬ মে) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সমন্বয়কদের অভিযোগ, কুমিল্লা শহরে অনুষ্ঠিত ‘জুলাই সমাবেশে’ কুবির প্রতিনিধি দলকে মঞ্চে উঠতে বাধা দেওয়া হয়। এ নিয়ে কুমিল্লা মহানগর ও জেলা সমন্বয়কদের সঙ্গে তর্কাতর্কি হয়। পরে বিষয়টিকে অপমানজনক উল্লেখ করে তারা এই সিদ্ধান্ত নেন।

অবাঞ্ছিত ঘোষিত তিনজন হলেন, কুমিল্লা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. সাকিব হোসাইন, মহানগর আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব মো. রাশিদুল হাসান।

সংবাদ সম্মেলনে কুবির সমন্বয়ক মো. আবরার ফাহিম বলেন, আমরা যখন মঞ্চে উঠতে যাই, তখন গায়ে হাত তুলে আমাদের নামিয়ে দেওয়া হয়। প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে রাজনীতি করছে।

আরেক সমন্বয়ক মো. শোয়াইব হোসেন আলামিন বলেন, কিছু নামধারী সমন্বয়ক মামলা বাণিজ্য ও চাঁদাবাজিতে জড়িত। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাব।

সমন্বয়ক মো. এমরান হোসেন বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম। কিন্তু এখন কিছু দোসর টাকার বিনিময়ে আন্দোলনের ভিতর ঢুকে পড়েছে। আমরা এসব মানি না।

এ বিষয়ে অভিযুক্ত তিন নেতার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • রিফাত/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন