ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপর পুলিশি হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটস সোসাইটি।
রোববার (১৮ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে গিয়েছিল। সেইখানে অনাকাঙ্ক্ষিত হামলা হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের উপর। এছাড়াও ডিবি কার্যালয়ে হুসাইনকে ২৬ ঘণ্টা আটকে রাখা হয়েছে অন্যায়ভাবে। আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার চাই।
আন্তর্জাতিক মানবাধিকার ধারা অনুযায়ী, সবাই নিজেদের মতামত দিতে পারে মৌখিক, লিখিত অথবা আন্দোলনের মাধ্যমে। আমরাও শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম। উক্ত আন্দোলনে যে হামলা করা হয়, তার বিচার চাই।
নওশীন নওয়ার জয়া বলেন, বিপ্লব উত্তর বাংলাদেশে শিক্ষক শিক্ষার্থী সংবাদ কর্মীদের উপর পুলিশের এ ধরনের হামলা করা যায় কিনা। মাহফুজ আলমের ওপর বোতল ছুঁড়ে মারা ভাইটিকে এভাবে ডিবির জিজ্ঞাসাবাদ কাম্য নয়। যতদিন আমাদের ৪র্থ দাবি না মেনে নেওয়া হবে ততদিন আমাদের এই প্রতিবাদ জারি থাকবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, জুলাই অভ্যুত্থানের পরে এটিই মনে হয় প্রথম এমনভাবে পুলিশের দ্বারা হামলার শিকার হয়েছে। পুলিশের এই হামলা আন্তর্জাতিক যত আইন আছে এবং জাতিসংঘের যে আগ্নেয়াস্ত্রের ব্যবহারের যে আইন আছে তার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। আমরা চাই এই হামলার হুকুমদাতা এবং এই হামলার সাথে জড়িত পুলিশদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে সরকারের।
জেএন/এমআই

