সেন্ট মার্টিনে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জবি শিক্ষার্থীদের
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা নারিকেল জিঞ্জিরা দ্বীপ (সেন্ট মার্টিন) যাতায়াত ও অবস্থানের উপর সব ধরনের সরকারি বাধা-নিষেধ প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ‘স্টুডেন্টস ফর সভারেন্টি জবি’ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কক্ষে দুপুর ৩টায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি পরিবেশ উপদেষ্টার নির্দেশে নারিকেল জিঞ্জিরা দ্বীপ (সেন্ট মার্টিন) যাতায়াত ও অবস্থানের উপর সরকার বেশ কিছু বাধা-নিষেধ আরোপ করেছেন। সরকারি এই বাধা-নিষেধগুলো নারিকেল জিঞ্জিরা দ্বীপে সার্বভৌমত্বগত, অর্থনৈতিক, পরিবেশগত এবং দ্বীপবাসীর মৌলিক ও মানবাধিকার লঙ্ঘনগত--এই চার ধরনের সমস্যা ও ঝুঁকি তৈরি করবে।
শিক্ষার্থীরা বলেন, নারিকেল জিঞ্জিরা দ্বীপটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে আরাকান আর্মি ও মিয়ানমার একাধিকবার দ্বীপটি তাদের বলে দাবি করেছে। মিয়ানমারের সরকারি ম্যাপেও দ্বীপটি তাদের দেখিয়েছে। এখন দ্বীপে যাতায়াত ও অবস্থানে বাধা আসলে নারিকেল দ্বীপের ১০-১২ হাজার বাসিন্দাদের প্রায় শতভাগ মানুষের জীবন-জীবিকার একমাত্র উপায় শীতকালীন ৪ মাসের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া মিয়ানমারের মগ, আরাকান ও ভারতীয় জেলেদের দ্বীপটি দখলে নেয়ার সম্ভাবনা রয়েছে।
তারা বলেন, নারিকেল জিঞ্জিরা দ্বীপ (সেন্ট মার্টিন) কেন্দ্রিক পর্যটন ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশের জনগণ ভারতে চলে যাবেন। ফলে আমাদের দেশের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। দ্বীপে পর্যটন বন্ধ হয়ে গেলে দ্বীপবাসী বাধ্য হয়ে কোরাল কেটে সেগুলো বিক্রি করা শুরু করবে। ফলে দ্বীপে পরিবেশগত ঝুঁকি তৈরি হবে। এছাড়া দ্বীপে যাতায়াতের উপর বাধা-নিষেধ দ্বীপবাসীর মৌলিক মানবাধিকার লঙ্ঘন। এর ফলে তারা খাদ্য সংকটেও পড়ছে। দ্বীপের ২০ শয্যা বিশিষ্ট একমাত্র হাসপাতালের চিকিৎসা সেবাও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখন দ্বীপবাসী তাদের চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার থেকেও সম্পূর্ণ বঞ্চিত। এককথায়, দ্বীপবাসীকে একটি প্রকাশ্য দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়ে তাদের মৌলিক ও মানবাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ধারা ১৩তে বলা হয়েছে, নিজ রাষ্ট্রের চৌহদ্দির মধ্যে স্বাধীনভাবে চলাফেরা এবং বসবাস করার অধিকার রয়েছে। কিন্তু এখন ২, ৩, ৯, ১৩ ও ১৪ ধারার লঙ্ঘন হয়েছে। এছাড়া বাংলাদেশ সংবিধান অনুযায়ীও এটি মৌলিক অধিকার লঙ্ঘন। অতএব, সরকারকে অবশ্যই দ্বীপবাসী ও বাংলাদেশের সকল নাগরিককে নারিকেল জিঞ্জিরা (সেন্টমার্টিন) দ্বীপ ভ্রমণ, অবস্থান ও চলাচলের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মুহম্মদ মাহদী হাসান। উপস্থিত ছিলেন আবু মুরসালিন (মার্কেটিং বিভাগ), এ এইচ ফাহিম (রসায়ন বিভাগ), শুভ খানসহ আরো অনেকে।
জান্নাতুন নাইম/এমএইচএস

