আলেক চাচার ভ্যান চুরি, খুবি শিক্ষার্থীদের সহায়তা কামনা
খুবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৫:৪৪
খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হলরোড এলাকার প্রিয় মুখ ‘আলেক চাচা’র একমাত্র জীবিকার উৎস—তার ভ্যানটি চুরি হয়ে গেছে। শুক্রবার (১৭ মে) রাতে এ চুরির ঘটনা ঘটে। বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছেন তিনি।
আলেক চাচা এক সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ছোট চায়ের দোকান চালাতেন। রাতের নিস্তব্ধতায় শিক্ষার্থীরা তার দোকানে এসে এক কাপ গরম চা আর একটু কথা বলেই খুঁজে পেতেন প্রশান্তি। তার হাসিমাখা মুখ, আন্তরিক সেবা, আর মানবিক আচরণ খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর স্মৃতিতে আজও গেঁথে আছে।
কিন্তু বয়স ও বাস্তবতার কারণে দোকান ছেড়ে আলেক চাচা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। সেই পথটিও বন্ধ হয়ে গেছে তার ভ্যানটি চুরি হয়ে যাওয়ায়।
‘এই ভ্যানটাই ছিল আমার একমাত্র উপার্জনের পথ,’ কাঁপা গলায় বলছিলেন আলেক চাচা। ‘চুরি যাওয়ার পর মাথায় হাত পড়ে গেছে। কারো কাছে হাত পাততে কষ্ট হয়, কিন্তু এখন আর উপায় নেই। যারা এক সময় আমার দোকানে চা খেতে আসত, আজ তাদের কাছেই একটু সহানুভূতি চাই।’
চাচার ছেলে আখিরুল জানান, ‘বাবা কখনো কারও কাছে কিছু চাননি। কিন্তু এখন তিনি ভেঙে পড়েছেন। আমরাও এলাকায় খোঁজখবর নিচ্ছি, কিন্তু এখনো কোনো সন্ধান মেলেনি।’
চাচার এ দুঃখের কথা ছড়িয়ে পড়তেই ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রাক্তন শিক্ষার্থী সহানুভূতি জানিয়েছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সাহায্যের আহ্বানও জানাচ্ছেন।
আপনার সামান্য সহায়তাই হতে পারে আলেক চাচার জীবনে এক নতুন আশার আলো। যারা এগিয়ে আসতে চান, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন আলেক চাচার ছেলের সঙ্গে।
যোগাযোগ করুন
- আলেক চাচা– ০১৯২৫৬৩৮০৯৪
- আখিরুল (ছেলে)– ০১৯১৬১১৫১৮৬
এমএইচএস

