Logo

ক্যাম্পাস

জাবিতে ছাত্রদলের ভ্যাকসিনেশন কর্মসূচিতে হেপাটাইটিস বি রিপোর্ট ভুলের অভিযোগ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৫:৪৬

অ
জাবিতে ছাত্রদলের ভ্যাকসিনেশন কর্মসূচিতে হেপাটাইটিস বি রিপোর্ট ভুলের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের আয়োজিত ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচিতে টেস্ট রিপোর্ট ভুলের অভিযোগ উঠেছে। একজন শিক্ষার্থীর রিপোর্ট ভুল হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে ক্যাম্পাসে। প্রশ্ন উঠেছে কর্মসূচির ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন গত ১৯ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের আয়োজিত ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচিতে রক্ত পরীক্ষার জন্য নমুনা দেন। পরদিন এক ক্ষুদে বার্তায় জানানো হয়, তার হেপাটাইটিস বি রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি জানতে পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন ও কয়েকদিন সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন।

পরে বন্ধুদের পরামর্শে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে নতুন করে পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাব্বির বলেন, ‘প্রাথমিক রিপোর্ট পজিটিভ আসায় আমি ভয় পেয়ে যাই। কিন্তু পুনঃপরীক্ষায় নেগেটিভ ফল পাওয়ার পর বুঝতে পারি রিপোর্টে গড়মিল হয়েছে। এই প্রোগ্রামে যাদের পজিটিভ দেখানো হয়েছে, তাদের মধ্যে অনেকের ফলাফল ভুল হতে পারে।’

তিনি আরও বলেন, একটি স্বাস্থ্যসেবা কার্যক্রমে এমন বিভ্রান্তিকর রিপোর্ট ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আমি প্রশাসনের কাছে এই কর্মসূচির দায়দায়িত্ব নিরূপণ ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানাই।

এ বিষয়ে কর্মসূচির দায়িত্বে থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল হোসেন বলেন, এখানে ব্যবহৃত কিটগুলো উন্নতমানের ছিল। কেউ পজিটিভ রিপোর্ট পেলে আমরা পর্যবেক্ষণের ব্যবস্থা নিচ্ছি। অভিযোগ পেলে আলোচনা করে সমাধান করব।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাইনি। বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, এই কর্মসূচির স্ক্রিনিং ও ভ্যাকসিনেশন হয়েছে সংশ্লিষ্ট চিকিৎসকের তত্ত্বাবধানে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি এ কর্মসূচির মনিটরিং করেনি।

এ বিষয়ে এখনো কোনো তদন্ত হয়নি বলে জানা গেছে। তবে শিক্ষার্থীদের একটি অংশ কর্মসূচির নিরপেক্ষ তদন্ত ও ভবিষ্যতে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশাসনিক নজরদারির দাবি জানিয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন