ঈদ সামনে রেখে ড্যাফোডিলে ‘স্টার্টআপ মার্কেট’
ড্যাফোডিল প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৫:১১
ছবি : বাংলাদেশের খবর
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ স্পেশাল স্টার্টআপ মার্কেট’। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্টুডেন্ট লাউঞ্জে এ আয়োজন চলে।
বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের উদ্যোগে আয়োজিত এ মার্কেটে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোক্তা হিসেবে অংশ নেন। প্রায় ১০০টি স্টলে ছিল তাদের নিজস্বভাবে তৈরি ও বাছাইকৃত পণ্য—পোশাক, জুতা, কসমেটিকস, সুন্নাহভিত্তিক সামগ্রী, খাবার, হস্তশিল্প ও শোপিসসহ নানা পণ্য।
উদ্যোক্তা শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং উদ্যোক্তা হয়ে ওঠার প্রাথমিক অনুপ্রেরণা দিয়েছে। অন্যদিকে ক্রেতা শিক্ষার্থীরা জানান, নিরাপদ ক্যাম্পাসেই সুলভ মূল্যে ঈদের কেনাকাটা করতে পেরে তারা সন্তুষ্ট।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, স্টার্টআপ মার্কেট শুধু পণ্য বিক্রির জায়গা নয়, বরং এটি শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা আত্মনির্ভরশীল হওয়ার পথ খুঁজে পায়।
পারভেজ মোশারফ/এআরএস

