বেরোবিতে ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৯:০২
ছবি : বাংলাদেশের খবর
ঈদুল আজহা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশনায় এই আয়োজন করা হয়।
শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। নামাজ শেষে শিক্ষার্থীদের জন্য মিষ্টান্ন ও সেমাই পরিবেশন করা হয়।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। ঈদের দিন পরিবারের বাইরে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য এই বিশেষ খাবারের ব্যবস্থা করে প্রশাসন।
মধ্যাহ্নভোজে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ঈদুল আজহা উপলক্ষে উপাচার্যের বাসভবনে রংপুর বিভাগের ঊর্ধ্বতন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সম্মানে এক সৌজন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে রংপুর বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, ডিসিসহ কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআরএস

