গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের নির্যাতন
রাবিপ্রবিতে ১০ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার, একাধিকের সনদ বাতিল
রাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৫:০২
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। ছবি : বাংলাদেশের খবর
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও র্যাগিংসহ বিভিন্ন অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১০ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি যারা ছাত্র থাকাকালীন এসব অপকর্মে জড়িত ছিল কিন্তু এখন আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, তাদের একাধিকজনের ডিগ্রি বা সনদ বাতিল করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাতে রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) সাইদুজ্জামান পাপ্পু, আবির চৌধুরী, মহিউদ্দিন মুন্না, হাসু দেওয়ান, জাকির হোসেন (৪র্থ), বিশ্বজিৎ শীল সাগর, ম্যানেজমেন্ট বিভাগের আকিব মাহমুদ, রিয়াদ তালুকদার, জাহাঙ্গীর আলম অপু ও অন্তু কান্তি দে।
উপাচার্য ড. মো. আতিয়ার রহমান বলেন, ‘শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি করেছিল। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তক্রমে ছাত্রত্ব আছে এমন কাউকে আজীবনের বহিষ্কার, আবার যারা এ অপরাধগুলো সংঘটিত করেছিল কিন্তু ছাত্রত্ব শেষ হয়েছে, তাদের সনদ বাতিল করা হয়েছে।’
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে রাবিপ্রবির উপাচার্য বলেন, ‘এমন না যে আমরাই প্রথম কাজটি করেছি। বাংলাদেশের বিভিন্ন নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।’
সনদ বাতিল ও স্থায়ী বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়ে কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিল রাবিপ্রবি প্রশাসন। এর আগেও ২০২৪ সালে ছাত্র হলে প্রবেশের ক্ষেত্রে চারজন ছাত্রলীগ নেতাকে নিষেধাজ্ঞা দিয়েছিল হল প্রশাসন।
এমবি

