জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে অনুসারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।
বুধবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘আমি মো. নাজমুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি। আগামীকাল পদত্যাগের কারণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে লিমন জানান, এখনই বিস্তারিত কিছু জানাতে চান না। তিনি বলেন, সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ প্রকাশ করবেন।
তবে একাধিক সূত্রে জানা গেছে, আসন্ন জাকসু নির্বাচনে সহ-সম্পাদক (এজিএস) পদকে কেন্দ্র করে বাগছাসের অভ্যন্তরীণ দ্বন্দ্বই পদত্যাগের মূল কারণ। এজিএস পদে নাজমুল ইসলাম লিমন, জিয়াউদ্দিন আয়ান, কাউসার আলম আরমান ও আহসান লাবিব মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বুধবার সংগঠনের সভায় এ পদে জিয়াউদ্দিন আয়ানকে মনোনীত করা হলে লিমন ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) জাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনী প্রক্রিয়া ঘিরে বাগছাসের ভেতরকার এই দ্বন্দ্ব নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

