Logo

ক্যাম্পাস

জকসুর রোডম্যাপের দাবিতে উপাচার্যের কক্ষের সামনে শিক্ষার্থীরা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৪:৩০

জকসুর রোডম্যাপের দাবিতে উপাচার্যের কক্ষের সামনে শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) দাবিতে উপাচার্যের কক্ষের সামনে শিক্ষার্থীদের ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি। ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নীতিমালা চূড়ান্তকরণ, রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে ‘ব্রেক দ্য সাইলেন্স’ অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কক্ষের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘কবে হবে বলে দাও, হচ্ছে হবে বাদ দাও’, ‘জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘বৃত্তি আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘চলছে লড়াই চলবে, জবিয়ানরা লড়বে’, ‘আটটা টু আটটা, বাজায় কার ঘণ্টা’ ও ‘ভিসি স্যার জানেন নাকি, আমরা এখানে বসে আছি’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, আমরা অনেক সময় দিয়েছি। গত মে মাস থেকে এক-দুই মাসে এ নীতিমালা প্রণয়ন করা হয়ে যায়। কিন্তু প্রশাসনের অদক্ষতার কারণে তা হয়নি। তাই আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি। আমাদের দাবি ছিল বিশেষ সিন্ডিকেট ডেকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানানো। কিন্তু এ প্রশাসন তা করেনি।

তিনি আরও বলেন, এতদিন আমরা বাইরে ছিলাম। প্রশাসন এসির বাতাসে ছিল। কিন্তু এখন আমরা ভিসি ভবনে থাকব। প্রশাসন মন্ত্রণালয়, ইউজিসি ঘুরবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠব না।

শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্যসচিব শাহিন মিয়া বলেন, আমরা এক বছর দাবি জানিয়ে আসছি। এরপর যমুনার সামনে থেকে উঠে এসে দেখি দাবির ফলাফল শূন্য। আমাদের দাবি জকসুর নীতিমালা প্রণয়ন, রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তির সুনির্দিষ্ট নির্দেশনার। দৃশ্যমানভাবে এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভিসি ভবন ছাড়ব না।

শাখা ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, আমরা দুই দফা দাবি নিয়ে এখানে বসেছি। শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে চলমান যৌক্তিক দাবিগুলো কোনো এক অজানা কারণেই আটকে আছে। আমরা প্রশাসনের এ নীরবতা ভাঙতে চাই। তারা কোথায় আটকে আছে, এটা তাদেরকেই বলতে হবে। কেন এ দীর্ঘসূত্রিতা জানাতে হবে শিক্ষার্থীদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলছে, চলবেই।

এর আগে গত ১৯ আগস্ট থেকে জকসুর নীতিমালা অনুমোদন, সুনির্দিষ্ট রোডম্যাপ ও সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ২১ আগস্টও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

উল্লেখ্য, গত ৩০ জুলাই শিক্ষার্থীরা জকসুর রোডম্যাপ ও সম্পূরক বৃত্তির বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য প্রশাসনকে দুদিনের আলটিমেটাম দেয়। সেই প্রেক্ষিতে আলটিমেটাম শেষ হলেও কোনো স্পষ্ট বার্তা না আসার কারণে আজ শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান করছে।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন